ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের অগ্রগতি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরে রাষ্ট্রদূত
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বর্তমানে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট) সফর করছেন। এ সফরে ঢাকা-ওয়াশিংটন দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন তিনি।
সোমবার (৫ অক্টোবর) মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কে সাম্প্রতিক সময়ে যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তা স্টেট ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিনিময় করতে ওয়াশিংটন সফর করছেন রাষ্ট্রদূত। সফরকালে বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও আলোচনা হচ্ছে।
ফেসবুক পোস্টে ব্রেন্ট ক্রিস্টেনসেন লিখেছেন, ‘আবারও মার্কিন পররাষ্ট্র দপ্তরে ফিরে এসেছি।’ চলতি বছরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে যে ‘অভূতপূর্ব অগ্রগতি’ হয়েছে, তা তুলে ধরছেন বলেও জানান তিনি।
রাষ্ট্রদূত বলেন, এই অগ্রগতিকে আরও এগিয়ে নেওয়া এবং এর ধারাবাহিকতা বজায় রাখতে ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে আলোচনা হচ্ছে।
মার্কিন দূতাবাসের পোস্ট অনুযায়ী, রাষ্ট্রদূতের এ সফরে দুই দেশের বিদ্যমান সহযোগিতা আরও জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক সম্প্রসারণের বিষয় গুরুত্ব পাচ্ছে।
আরও পড়ুন