নয়াদিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত সম্মেলনে ক্রিস্টেনসেন
বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতরা অংশ নেন; পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুক্ত হন ভার্চুয়ালি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম
নয়াদিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়াভিত্তিক মার্কিন রাষ্ট্রদূত সম্মেলনে অংশ নেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ছবি: সংগৃহীত
নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াভিত্তিক আঞ্চলিক রাষ্ট্রদূত সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
সম্মেলনের আয়োজক ছিলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। রুবিও ভার্চুয়ালি বিভিন্ন দেশের মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের সঙ্গে কথা বলেন।
বাংলাদেশ ছাড়াও কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানরা সম্মেলনে অংশ নেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে রুবিও সম্মেলনে যোগ দেওয়ার কথা জানান। তিনি লেখেন, ভারতে আয়োজিত এ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে দায়িত্ব পালন করা মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের সঙ্গে কথা বলার সুযোগকেও তিনি স্বাগত জানান।
রুবিও বলেন, আমাদের রাষ্ট্রদূতরা আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে গর্বের সঙ্গে কাজ করছেন।
সার্জিও গোরও এক্সে এক পোস্টে অংশগ্রহণকারী রাষ্ট্রদূতদের ভারতে স্বাগত জানান।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর আওতাধীন দেশগুলোর সঙ্গে ওয়াশিংটনের কূটনৈতিক সম্পর্ক ও আঞ্চলিক নীতির সমন্বয়ে এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ। নিরাপত্তা, অর্থনীতি ও কূটনৈতিক সম্পৃক্ততার নানা বিষয়ে মার্কিন মিশনগুলোর মধ্যে সমন্বয় করাও এ কাঠামোর অন্যতম লক্ষ্য।