EN ☀️
×

Follow Us

কূটনীতি

সেমিকন্ডাক্টর ও এআইতে সহযোগিতা, তিতুমীরের সঙ্গে স্টেট ইউনিভার্সিটির আলোচনা

ডেইলি সান রিপোর্ট, ক্যালিফোর্নিয়া

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পিএম

সেমিকন্ডাক্টর ও এআইতে সহযোগিতা, তিতুমীরের সঙ্গে স্টেট ইউনিভার্সিটির আলোচনা

ছবি: সংগৃহীত

অ অ

সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), শিক্ষা ও গবেষণায় সহযোগিতার সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির (এএসইউ) প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। 

বাংলাদেশে সেমিকন্ডাক্টর খাতের বিকাশে শিক্ষা, গবেষণা, দক্ষ জনশক্তি, শিল্প ও বিনিয়োগকে একসঙ্গে এগিয়ে নেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফোর সিজনস হোটেল সিলিকন ভ্যালিতে বাংলাদেশের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে এএসইউর প্রতিনিধিদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা-২ কামরুল ইসলাম এবং উপপ্রেস সচিব-১ মো. জাহিদুল ইসলাম।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল কাজী মুহাম্মদ জাবেদ ইকবাল বৈঠকে অংশ নেন।

এএসইউর পক্ষে বৈঠকে ছিলেন গ্লোবাল ডেভেলপমেন্টের পরিচালক মেঘান গিবসন, ইউনিভার্সিটি ডিজাইন ইনস্টিটিউটের ভাইস চেয়ার ও ব্যবস্থাপনা পরিচালক ড. মিনু আইপে এবং অ্যাডজাঙ্কট অধ্যাপক ও ইন্ডাস্ট্রি অ্যাডভাইজরি বোর্ডের সদস্য ড. ইব্রাহিম খলিল। ড. মিনু আইপে ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন।

বৈঠকে বাংলাদেশে একটি কার্যকর সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তুলতে প্রকৌশল শিক্ষা, গবেষণা, দক্ষ জনশক্তি, শিল্প ও বিনিয়োগের মধ্যে সংযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ক্ষেত্রে সেমিকন্ডাক্টর ও মাইক্রোইলেকট্রনিকসের পাঠ্যক্রম, শিক্ষক ও পেশাজীবীদের প্রশিক্ষণ, ব্যবহারিক গবেষণা এবং বিশ্ববিদ্যালয়-শিল্পপ্রতিষ্ঠানের অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর টেকসই পরিকল্পনা, মানবসম্পদ উন্নয়ন এবং শিক্ষা ও শিল্প খাতের মধ্যে শক্তিশালী সংযোগ তৈরির ওপর গুরুত্ব দেন। প্রযুক্তি খাতে অংশীদারত্বের মাধ্যমে দক্ষ কর্মসংস্থান, গবেষণার সক্ষমতা, উদ্ভাবন ও বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম শিক্ষা, বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তিতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা আরও গভীর করার সুযোগের কথা বলেন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক (স্টেম) শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ এবং নতুন শিল্প খাতের জন্য তরুণদের প্রস্তুত করার ওপর গুরুত্ব দেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ সেমিকন্ডাক্টর খাতের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা নেওয়ার ওপর জোর দেন। তাঁর মতে, এ পরিকল্পনায় শিক্ষা ও গবেষণার সঙ্গে শিল্প, বিনিয়োগ এবং প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহারের সংযোগ থাকতে হবে।

বৈঠকে এএসইউর ইউনিভার্সিটি ডিজাইন ইনস্টিটিউটের সঙ্গে উচ্চশিক্ষার রূপান্তর ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি সেমিকন্ডাক্টর শিক্ষা ও দক্ষ জনশক্তি উন্নয়ন, গবেষণা, পাঠ্যক্রম ও শিক্ষক উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়-শিল্পপ্রতিষ্ঠানের অংশীদারত্বে একটি সমঝোতা স্মারক (এমওইউ) তৈরির বিষয়টি আলোচনায় আসে।

দুই পক্ষ ভবিষ্যতে আলোচনা চালিয়ে যাওয়া এবং বাস্তবায়নযোগ্য প্রকল্প ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান চিহ্নিত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। পরবর্তী কার্যক্রমে এএসইউ এবং বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করবে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসুলেট জেনারেল।

আরও পড়ুন