বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পিএম
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বিশেষ করে সামরিক প্রশিক্ষণ, পেশাগত সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিগত সহযোগিতা ও কৌশলগত যোগাযোগ বাড়ানোর বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব আর্মি মেজর জেনারেল ক্রিস স্মিথ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের স্থলবাহিনীর পেশাগত সক্ষমতা উন্নয়ন, দ্বিপক্ষীয় প্রশিক্ষণ কর্মসূচি বিনিময়, প্রযুক্তিগত সহযোগিতা এবং কৌশলগত যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন তারা।
আধুনিক যুদ্ধক্ষেত্রের পরিবর্তিত চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চতর সামরিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে দুই দেশের পারস্পরিক অংশগ্রহণ আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন উভয় পক্ষ।
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের প্রশংসা
সাক্ষাৎকালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও অবদানের প্রশংসা করেন অস্ট্রেলিয়ার ডেপুটি চিফ অব আর্মি মেজর জেনারেল ক্রিস স্মিথ।
বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় শান্তিরক্ষীদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার অংশীদারত্ব আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন তিনি।
প্রতিরক্ষা উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সামরিক সহযোগিতার ইতিবাচক অগ্রগতির জন্য মেজর জেনারেল ক্রিস স্মিথকে ধন্যবাদ জানান।
তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ও অস্ট্রেলিয়ান সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক আগামী দিনে আরও ঘনিষ্ঠ, গতিশীল ও সুদৃঢ় হবে।