নয়াদিল্লিতে ইলিশ ফেস্ট উদযাপন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম
বাংলাদেশের জাতীয় মাছ ইলিশকে ঘিরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ইলিশ ফেস্ট। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ হাইকমিশনের মৈত্রী মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ভারতীয় রাজনীতিবিদ, কূটনীতিক, শিক্ষাবিদ, সাংবাদিক, সংস্কৃতিসেবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে ঢাকায় প্রকাশিত A Fish Called Ilish বইয়ের মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট ভারতীয় নাগরিকেরা। এ সময় ইলিশের বিভিন্ন পদসহ বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। অতিথিরা ইলিশের স্বাদ গ্রহণের পাশাপাশি এর সঙ্গে জড়িয়ে থাকা বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন দিক উপভোগ করেন।
অনুষ্ঠানে ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সাংবাদিক এম. জে. আকবর, সাবেক কূটনীতিক ও রাজনীতিবিদ মণি শংকর আইয়ার, মানবাধিকারকর্মী ও সমাজচিন্তক সাইদা হামদি, ভারতের সাবেক রাষ্ট্রদূত রনেন সেন এবং সমাজবিজ্ঞানী আশিস নন্দীসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ হাইকমিশনার মু. রিয়াজ হামিদুল্লাহ বলেন, ইলিশ বাংলাদেশের পরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের সমাজ ও অর্থনীতির সঙ্গেও ইলিশের গভীর সম্পর্ক রয়েছে। ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।
অতিথিরা ইলিশ ফেস্টের আয়োজনের প্রশংসা করে বলেন, এ ধরনের আয়োজন বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।