কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক, শ্রমবাজার নিয়ে আলোচনা
ডেইলি সান রিপোর্ট, নিউইয়র্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পিএম
ছবি: পিএমও বাংলাদেশ ফেসবুক পেজ
কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাংলাদেশি কর্মীদের কুয়েতে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ফাঁকে কুয়েতের স্থায়ী মিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দুই নেতা বাংলাদেশ ও কুয়েতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতা সম্প্রসারণে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, পারস্পরিক সম্মান, সদিচ্ছা ও সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ক সময়ের সঙ্গে আরও বিস্তৃত হয়েছে।
প্রধানমন্ত্রী বাংলাদেশ ও কুয়েতের ঐতিহাসিক সম্পর্ককে আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্ব দেন। এতে দুই দেশের জনগণই উপকৃত হবে বলে তিনি উল্লেখ করেন।
বৈঠকে কুয়েতে বাংলাদেশি কর্মী পাঠানোর সুযোগ বাড়ানো, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন দুই নেতা।
দুই পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নিয়মিত যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর গুরুত্ব তুলে ধরে। একই সঙ্গে দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি ও সম্ভাবনাময় অন্যান্য খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থ ও কল্যাণে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।