নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে আসাদ আলম সিয়ামের নিয়োগে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে ভারত
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পিএম
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে আসাদ আলম সিয়ামের নিয়োগে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে ভারত। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ভারতের আনুষ্ঠানিক সম্মতিপত্রের একটি অনুলিপি ঢাকায় হস্তান্তর করা হয়েছে। এক মাসেরও বেশি সময় আগে সিয়ামকে নয়াদিল্লিতে পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দিতে ভারতের সম্মতি চেয়েছিল বাংলাদেশ।
পেশাদার কূটনীতিক আসাদ আলম সিয়াম ১৯৯৫ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি বর্তমান হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন। হামিদুল্লাহকে জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
সিয়াম বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালের জুনে পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি এক বছরেরও কম সময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এর আগে ২০২৩-২০২৪ মেয়াদে অস্ট্রিয়ায় এবং ২০১৭-২০২১ মেয়াদে ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন তিনি।
-6ab254963b2be.jpg)
এ ছাড়া ইতালির মিলানে বাংলাদেশের ফার্স্ট কনসাল জেনারেল, যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সহকারী হাইকমিশনার এবং ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে জুনিয়র কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন সিয়াম।
পররাষ্ট্র মন্ত্রণালয়েও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন তিনি। চিফ অব প্রটোকল, ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন বিষয়ক অনুবিভাগের মহাপরিচালক এবং পররাষ্ট্র সচিবের দপ্তরের পরিচালক ছিলেন তিনি।
এর আগে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছিল, নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে সিয়ামের নিয়োগে ভারতের আনুষ্ঠানিক সম্মতি পাওয়া যাচ্ছিল না। ওই প্রতিবেদন প্রকাশের প্রায় এক সপ্তাহ পর তার নিয়োগে ভারতের সম্মতির খবর প্রকাশ করল হিন্দুস্তান টাইমস।