EN ☀️
×

Follow Us

কূটনীতি

ইউএনজিএ অধিবেশনে বাংলাদেশ-কানাডার উচ্চপর্যায়ের বৈঠকের আশা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পিএম

ইউএনজিএ অধিবেশনে বাংলাদেশ-কানাডার উচ্চপর্যায়ের বৈঠকের আশা
অ অ

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে বাংলাদেশ ও কানাডার মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে বাণিজ্য, জলবায়ু, জ্বালানি ও কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়েও দুই দেশ আলোচনা করেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের প্রথম সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে বহুপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেন দুই দেশের প্রতিনিধিরা। আসন্ন ইউএনজিএ অধিবেশনকে ঘিরে উচ্চপর্যায়ের আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়েও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়। তৈরি পোশাকের পাশাপাশি হালকা প্রকৌশল ও যন্ত্রপাতিসহ নতুন খাতে বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের পারস্পরিক সফর বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন তাঁরা।

কানাডায় বসবাসরত এক লাখের বেশি বাংলাদেশির অবদানের কথা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। রোহিঙ্গাদের জন্য কানাডার অব্যাহত সহায়তার প্রশংসা করেন হুমায়ুন কবির। জবাবে কানাডার হাইকমিশনার মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের প্রতি তাঁর দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের সভাপতিত্বের প্রেক্ষাপটে জলবায়ু নেতৃত্ব ও জলবায়ু অর্থায়নে কানাডার সহযোগিতা কামনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এ ছাড়া কৃষিখাতে দ্বিপক্ষীয় সহযোগিতার একটি কাঠামো তৈরির সম্ভাবনা এবং জ্বালানি সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

বৈঠকের শেষে বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ।

আরও পড়ুন