ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শনে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পিএম
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং ইন্সপেক্টর জেনারেল অব মিশন রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দুই দিনের সফরে ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সফররত প্রতিনিধিদলকে বাংলাদেশ হাইকমিশনে স্বাগত জানান পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।
এ সময় হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা, উপহাইকমিশনার, প্রেস কাউন্সিলর, কাউন্সিলর (কনস্যুলার), দূতালয় প্রধানসহ হাইকমিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদলে আরও ছিলেন অর্থ বিভাগের উপসচিব আব্দুল মান্নান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব (প্রকল্প) মো. শাফকাত মোশাররফ।
সফরকালে প্রতিনিধিদল ইসলামাবাদের ডিপ্লোমেটিক এনক্লেভে বাংলাদেশের নবনির্মিত চ্যান্সেরি কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তারা কমপ্লেক্সের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। পরিদর্শন শেষে প্রতিনিধিদলের সদস্যরা হাইকমিশন চত্বরে একটি করে বৃক্ষ রোপণ করেন।