EN ☀️
×

Follow Us

কূটনীতি

সত্য নিকেতন ভবন ধসে প্রাণহানিতে বাংলাদেশের শোক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পিএম

সত্য নিকেতন ভবন ধসে প্রাণহানিতে বাংলাদেশের শোক

ছবি: সংগৃহীত

অ অ

নয়াদিল্লির সত্য নিকেতনে ভবন ধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ। এ ঘটনায় শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ হাইকমিশন এ শোক প্রকাশ করে।

বিবৃতিতে ভবন ধসের ঘটনায় নিহতদের স্বজন ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে আহত ব্যক্তিদের প্রতি সংহতি প্রকাশ করে ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে থাকতে পারেন—এমন আশঙ্কায় উদ্বেগ জানানো হয়েছে।

হাইকমিশন বলেছে, ‘এই কঠিন সময়ে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এবং বিপদে থাকা নারী, পুরুষ ও শিশুদের পাশে রয়েছে হাইকমিশন। এই মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমাদের সহমর্মিতা ও প্রার্থনা রয়েছে।’

এদিকে রাতভর উদ্ধার অভিযান শেষে ধ্বংসস্তূপ থেকে আরও একটি মরদেহ উদ্ধারের পর ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), দিল্লি ফায়ার সার্ভিস, দিল্লি পুলিশসহ বিভিন্ন সংস্থার সদস্যরা ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারে কাজ করছেন। ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত করতেও অভিযান চলছে।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, এখন পর্যন্ত ধসে পড়া ভবন থেকে ১২ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জন মারা গেছেন। বাকি ছয়জনের অবস্থা স্থিতিশীল।

ভবন ধসের ঘটনার পর দিল্লি সরকার রাজধানীজুড়ে অবৈধ পাঁচতলা ভবনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। নগরীর ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বৃহত্তর অভিযানের অংশ হিসেবে এ নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন