EN ☀️
×

Follow Us

কূটনীতি

অবকাঠামো উন্নয়নে আরও সহযোগিতার আশ্বাস ইসলামী উন্নয়ন ব্যাংকের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পিএম

অবকাঠামো উন্নয়নে আরও সহযোগিতার আশ্বাস ইসলামী উন্নয়ন ব্যাংকের

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে ইসলামী উন্নয়ন ব্যাংক। বিশেষ করে সড়ক, রেল ও নৌপরিবহন খাতে ভবিষ্যৎ প্রকল্পে বাংলাদেশের প্রয়োজন ও অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে চায় সংস্থাটি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে ইসলামী উন্নয়ন ব্যাংক গ্রুপের চেয়ারম্যান ড. মোহাম্মদ আল জাসেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ হয়। বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, চলমান প্রকল্প, ভবিষ্যৎ পরিকল্পনা এবং উন্নয়ন সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে মতবিনিময় করেন তারা।

শেখ রবিউল আলম বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে উন্নত, নিরাপদ ও টেকসই যোগাযোগ অবকাঠামো গড়ে তোলাকে সরকার গুরুত্ব দিচ্ছে। সড়ক, রেল ও নৌপথের সমন্বিত উন্নয়নের পাশাপাশি বিদ্যমান অবকাঠামোর আধুনিক ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ ক্ষেত্রে ইসলামী উন্নয়ন ব্যাংকের অর্থায়ন, অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানান তিনি। বাংলাদেশের সঙ্গে ব্যাংকটির দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে ভবিষ্যতে অগ্রাধিকারভিত্তিক প্রকল্পে সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

ড. মোহাম্মদ আল জাসের বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসা করে বলেন, দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে উন্নত যোগাযোগ অবকাঠামো গুরুত্বপূর্ণ। সড়ক, রেল ও নৌপরিবহন খাতের টেকসই উন্নয়নে সহযোগিতার যথেষ্ট সুযোগ রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ইসলামী উন্নয়ন ব্যাংক একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকতে চায়। অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে দক্ষ পরিবহনব্যবস্থার গুরুত্ব বিবেচনায় ভবিষ্যৎ প্রকল্পে সহযোগিতার সুযোগ নিয়ে ইতিবাচকভাবে কাজ করতে আগ্রহী ব্যাংকটি।

বৈঠকে বাংলাদেশের যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয়পক্ষ একমত হয়। একই সঙ্গে বাংলাদেশ ও ইসলামী উন্নয়ন ব্যাংকের উন্নয়ন অংশীদারত্ব আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন