ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ এএম
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ।
বাংলাদেশ সফর শেষে ঢাকা ছেড়েছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ। বুধবার (২ সেপ্টেম্বর) তিনি ঢাকা ত্যাগ করেন। এর আগে গত ৩০ আগস্ট তিনি বাংলাদেশে আসেন।
সফরকালে আইপিইউ মহাসচিব প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে মতবিনিময় করেন।
এ ছাড়া নারী সংসদ সদস্য ও রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ সদস্যদের সঙ্গেও তিনি মতবিনিময় করেন। এসব বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন ও সংসদীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করেন আইপিইউ মহাসচিব।
বাংলাদেশ সফরের অংশ হিসেবে মিজ অ্যান্ডা ফিলিপ জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। পাশাপাশি তিনি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরও ঘুরে দেখেন।
বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে বিদায় জানান।