EN ☀️
×

Follow Us

কূটনীতি

আইপিইউ মহাসচিবের সম্মানে স্পিকারের সংগীত সন্ধ্যা ও নৈশভোজ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পিএম

আইপিইউ মহাসচিবের সম্মানে স্পিকারের সংগীত সন্ধ্যা ও নৈশভোজ

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশ সফররত আন্তঃসংসদীয় ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সম্মানে সংগীত সন্ধ্যা ও নৈশভোজের আয়োজন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত অনুষ্ঠানে আইপিইউ মহাসচিব ও তার প্রতিনিধিদল অংশ নেন।

অনুষ্ঠানে স্পিকার বলেন, ১৮৮৯ সালে প্রতিষ্ঠার পর থেকে আইপিইউ বিশ্বের বিভিন্ন দেশের সংসদের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং মানবাধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষার ক্ষেত্রেও সংস্থাটির ভূমিকা রয়েছে।

বাংলাদেশ প্রাকৃতিক ও পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিতে থাকা দেশ উল্লেখ করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আইপিইউ আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।

স্পিকার বলেন, বিগত ১৫ বছর আওয়ামী লীগের শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও অর্থপাচারসহ বিভিন্ন বেআইনি কর্মকাণ্ড বেড়েছে। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে উল্লেখ করে স্পিকার বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

বৈশ্বিক জ্বালানি সংকট ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো নানা চ্যালেঞ্জের মুখে পড়ছে বলেও উল্লেখ করেন তিনি। এসব সমস্যা মোকাবিলায় সংসদীয় নেতৃত্বের মাধ্যমে আইপিইউ ভূমিকা রাখতে পারে বলে মত দেন স্পিকার।

আইপিইউ মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ বলেন, জনগণের ভোটে নির্বাচিত সংসদ গণতন্ত্রের ভিত্তি। জনগণের ভাগ্যোন্নয়ন ও মানবিক মর্যাদা সুরক্ষায় ভোটাধিকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, মানবাধিকার ও আইনের শাসন সুরক্ষায় সংসদকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

আলোচনা শেষে নেত্রকোনার বিরিশিরি একাডেমির শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশন করেন। পরে আইপিইউ মহাসচিব ও প্রতিনিধিদল নৈশভোজে অংশ নেন।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি, সংসদ সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন