EN ☀️
×

Follow Us

কূটনীতি

স্থানীয় সরকার খাতে দক্ষতা উন্নয়নে বাংলাদেশের পাশে থাকতে চায় ভারত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পিএম

স্থানীয় সরকার খাতে দক্ষতা উন্নয়নে বাংলাদেশের পাশে থাকতে চায় ভারত
অ অ

বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। পারস্পরিক স্বার্থ, সহযোগিতা ও জনগণের কল্যাণকে ভিত্তি করে এ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজের দপ্তরে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এ কথা বলেন। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে দীনেশ ত্রিবেদী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ড. আবদুল মঈন খানকে শুভেচ্ছা জানান। নতুন দায়িত্ব নেওয়ায় তাকে অভিনন্দনও জানান তিনি। এ সময় হাইকমিশনার মন্ত্রীর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার প্রশংসা করেন।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে ঐতিহাসিক ও ঘনিষ্ঠ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন স্থানীয় সরকারমন্ত্রী। দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে মুক্তবাণিজ্যের সম্ভাবনা নিয়ে কথা হয়।

পিপল-টু-পিপল যোগাযোগ আরও জোরদার করে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার ওপর গুরুত্ব দেন ড. আবদুল মঈন খান।

স্থানীয় সরকার খাতে দক্ষতা উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ে ভারতের আগ্রহের কথা জানান হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, ভারতের হায়দ্রাবাদের একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিদের প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। এ ছাড়া স্থানীয় সরকার ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরির কথাও বলেন তিনি।

পারস্পরিক স্বার্থের ভিত্তিতে দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোর আশাবাদ জানান হাইকমিশনার।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ভারতের ডেপুটি হাইকমিশনার পাওয়ানকুমার তুলশিদাস বাধেসহ মন্ত্রণালয় ও হাইকমিশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন