EN ☀️
×

Follow Us

কূটনীতি

নির্বাচনের পর বাংলাদেশে নতুন সম্ভাবনা দেখছে ইইউ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০২:২৮ পিএম

নির্বাচনের পর বাংলাদেশে নতুন সম্ভাবনা দেখছে ইইউ

ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। ছবি: সংগৃহীত

অ অ

নির্বাচনের পর বাংলাদেশে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব আরও বাড়াতে বাংলাদেশকে সহযোগিতা করার কথা জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসাডর’ অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের সঙ্গে ইইউর ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে এসব কথা বলেন।

মাইকেল মিলার বলেন, বাংলাদেশ ও ইইউর সম্পর্ক এখন নতুন একটি পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। শুধু অনুদাননির্ভর সহযোগিতার পরিবর্তে যৌথ অর্থায়ন, বেসরকারি খাতে বিনিয়োগ এবং চট্টগ্রাম বন্দরে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ও বহুমুখী করতে চায় ইইউ।

তিনি বলেন, কোনো একটি দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল হওয়া উচিত নয়। ঋণ বা নিয়ন্ত্রণের মাধ্যমে নয়, বিশ্বাস, ন্যায্যতা ও পারস্পরিক সমৃদ্ধির ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চায় ইইউ।

বাংলাদেশে ইইউর প্রায় ১ বিলিয়ন ইউরোর চলমান চুক্তি, প্রকল্প ও অনুদান রয়েছে বলেও জানান রাষ্ট্রদূত। বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনাও খতিয়ে দেখার কথা বলেন তিনি।

এ ছাড়া সামুদ্রিক নিরাপত্তা, বন্দর নিরাপত্তা, মানবপাচার ও উগ্রবাদ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান মাইকেল মিলার।

রোহিঙ্গা সংকটেও পাশে থাকবে ইইউ

রোহিঙ্গা সংকট নিয়েও বাংলাদেশের পাশে থাকার কথা পুনর্ব্যক্ত করেছেন ইইউ রাষ্ট্রদূত। তিনি বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন এখনো শুরু না হওয়ায় ইইউ গভীরভাবে উদ্বিগ্ন।

২০১৭ সালের পর থেকে বাংলাদেশকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় ৫০ কোটি ইউরোর বেশি সহায়তা দেওয়ার কথা জানান তিনি। একই সঙ্গে রোহিঙ্গাদের পাশাপাশি কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থকেও গুরুত্ব দেওয়ার কথা বলেন মাইকেল মিলার।

আরও পড়ুন