২০৩০ সাল পর্যন্ত
যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০১:৪৪ পিএম
বাংলাদেশ ২০৩০ সাল পর্যন্ত প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে সর্বোচ্চ ৭ লাখ মেট্রিক টন গম কিনবে। এ জন্য বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারের মনোনীত গমচাষিদের বাণিজ্যিক সংগঠন ইউএস হুইট অ্যাসোসিয়েশনের (ইউএসডব্লিউএ) মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ইউএস অ্যাম্বাসির ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে আরও জনানো হয়, চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে উন্নতমানের গম বাংলাদেশে আসছে। গত জানুয়ারিতে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্র থেকে আসা এমন একটি গমের চালান স্বাগত জানান।
বাংলাদেশের গমের চাহিদার বড় অংশই আমদানির মাধ্যমে পূরণ করতে হয়। দেশের মোট গমের চাহিদার মাত্র ১৩ শতাংশ দেশে উৎপাদিত হয়।
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির ফলে বাংলাদেশের মানুষের জন্য উচ্চ প্রোটিনসমৃদ্ধ পুষ্টিকর শস্যের সরবরাহ নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
একই সঙ্গে এই বাণিজ্য যুক্তরাষ্ট্রের কৃষক ও ব্যবসার জন্য নতুন বাজার তৈরি করবে। এর মাধ্যমে আমেরিকান জনগণের সমৃদ্ধিতেও অবদান রাখবে এই বাণিজ্য।