বাংলাদেশ-থাইল্যান্ড সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের সফর ও বাণিজ্যে গুরুত্ব
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৩:০৪ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও থাইল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন দুই দেশের কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশটির দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা বিষয়ক বিভাগের মহাপরিচালক রাষ্ট্রদূত উরাসা মংকলনাভিনের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচিতিমূলক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার উপায় নিয়ে মতবিনিময় করেন তারা। বিশেষ করে উচ্চপর্যায়ের সফর বিনিময়, বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগ, কৃষি, প্রতিরক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া, পর্যটন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে অনুষ্ঠেয় চতুর্থ দ্বিপক্ষীয় পরামর্শ বৈঠকের প্রস্তুতি নিয়েও আলোচনা করেন দুই পক্ষ। বৈঠকটি দুই দেশের বিদ্যমান সহযোগিতা পর্যালোচনা এবং নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন বাংলাদেশ ও থাইল্যান্ডের প্রতিনিধিরা। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট এসব বিষয়ে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে দুই পক্ষের মধ্যে ঐকমত্য হয়।