EN ☀️
×

Follow Us

কূটনীতি

জাপানে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগে মানবসম্পদ ম্যাচিং সেমিনার অনুষ্ঠিত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৮:৫২ পিএম

জাপানে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগে মানবসম্পদ ম্যাচিং সেমিনার অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

অ অ

জাপানের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ জনশক্তির অংশগ্রহণ বাড়ানো এবং দুই দেশের মধ্যে কর্মসংস্থান সহযোগিতা জোরদারের লক্ষ্যে জাপানের সিজুওকা শহরে ‘বাংলাদেশ-জাপান হিউম্যান রিসোর্স ম্যাচিং সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সিজুওকার গ্র্যানশিপ কনভেনশন সেন্টারে জাপানে বাংলাদেশ দূতাবাস এবং জাপান ইন্টারন্যাশনাল ট্রেইনি অ্যান্ড স্কিল্ড ওয়ার্কার কোঅপারেশন অর্গানাইজেশন (জিটকো)-এর যৌথ উদ্যোগে সেমিনার ও দ্বিপক্ষীয় নেটওয়ার্কিং আয়োজন করা হয়। এতে জাপানি নিয়োগকারী প্রতিষ্ঠান, তদারকি সংস্থা এবং বাংলাদেশ থেকে আগত প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, জাপানের শিল্পখাতে ক্রমবর্ধমান শ্রমশক্তির চাহিদা এবং বাংলাদেশের জনমিতিক সম্ভাবনার সমন্বয়ের মাধ্যমে উভয় দেশই উপকৃত হতে পারে। তিনি বলেন, আধুনিক কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশি তরুণদের জাপানের শিল্পখাতের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে।

রাষ্ট্রদূত জানান, বর্তমানে দেশে ২৫০টির বেশি প্রশিক্ষণকেন্দ্রে জাপানি ভাষা শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি দক্ষ কর্মী (স্পেসিফায়েড স্কিল্ড ওয়ার্কার-এসএসডব্লিউ) কর্মসূচির আওতায় সাতটি ক্যাটাগরিতে নিয়মিত মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তাঁর ভাষ্য, গত ছয় মাসে ১২ হাজারের বেশি বাংলাদেশি বিভিন্ন ক্যাটাগরিতে কর্মসংস্থানের উদ্দেশ্যে জাপানে গেছেন।

সেমিনারে স্বাগত বক্তব্যে জিটকোর সভাপতি শিনজি ওগাওয়া বাংলাদেশি কর্মীদের কর্মনিষ্ঠা, সততা এবং জাপানি কর্মপরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতার প্রশংসা করেন। তিনি বলেন, টেকনিক্যাল ইন্টার্ন ও এসএসডব্লিউ কর্মসূচির আওতায় কর্মরত বাংলাদেশিরা বিভিন্ন খাতে ইতিবাচক সুনাম অর্জন করেছেন। ভাষা ও দক্ষতা মূল্যায়ন পরীক্ষায় বাংলাদেশিদের উত্তীর্ণের হারও বাড়ছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংয়ের কাউন্সেলর মো. জয়নাল আবেদিন জাপানের শ্রমবাজারের চাহিদা পূরণে বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগ, মানবসম্পদ উন্নয়ন এবং বাংলাদেশি কর্মী নিয়োগে জাপানি প্রতিষ্ঠানের আগ্রহ বৃদ্ধির বিষয়ে একটি উপস্থাপনা দেন। তিনি দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশি দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন