EN ☀️
×

Follow Us

কূটনীতি

ঢাকায় চীনা পিপলস লিবারেশন আর্মির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০২:২৩ পিএম

ঢাকায় চীনা পিপলস লিবারেশন আর্মির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি: সংগৃহীত

অ অ

চীনা পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস।

বুধবার (২৯ জুলাই) রাজধানীতে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জাবিউল্লাহ, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানসহ প্রায় ৩০০ জন বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বাংলাদেশ-চীন বন্ধুত্বের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্যে চীনা দূতাবাসের প্রতিরক্ষা অ্যাটাশে সিনিয়র কর্নেল দু শিনশেং বলেন, চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে পিপলস লিবারেশন আর্মি চীনা বৈশিষ্ট্যসম্পন্ন একটি শক্তিশালী আধুনিক সামরিক বাহিনী গড়ে তোলার পথে অগ্রসর হচ্ছে।

তিনি বলেন, পিএলএ চীনের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ রক্ষার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সিনিয়র কর্নেল দু শিনশেং আরও বলেন, চীন বাংলাদেশের জনগণের প্রতি বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশীসুলভ নীতি অনুসরণ করে আসছে। নতুন যুগে দুই দেশের অভিন্ন ভবিষ্যৎ গড়ে তুলতে চীন প্রতিরক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও বিনিময় আরও জোরদারে আগ্রহী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম চীনা পিপলস লিবারেশন আর্মির আধুনিকায়নের সাফল্যের প্রশংসা করেন।

তিনি বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নে চীনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পিএলএর অর্জনের প্রশংসা করেন এবং নতুন যুগে বাংলাদেশ-চীন সম্পর্ক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও উচ্চতর পর্যায়ে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন