EN ☀️
×

Follow Us

কূটনীতি

চীনা কমিউনিস্ট পার্টির ১০৫ বছর বর্ষপূর্তিতে ঢাকায় সিম্পোজিয়াম

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৮:০০ পিএম

চীনা কমিউনিস্ট পার্টির ১০৫ বছর বর্ষপূর্তিতে ঢাকায় সিম্পোজিয়াম

ছবি: সংগৃহীত

অ অ

চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) প্রতিষ্ঠার ১০৫তম বর্ষপূর্তি উপলক্ষে ঢাকায় এক সিম্পোজিয়ামের আয়োজন করেছে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাস।

সোমবার (১৩ জুলাই) অনুষ্ঠিত এ আয়োজনে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নীতিনির্ধারক, গবেষক ও শিক্ষাবিদরা অংশ নেন।

সিম্পোজিয়ামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জাবিহুল্লাহ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী এমপি, জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, থিংক ট্যাংক এবং শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চীনা কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পার্টির সাধারণ সম্পাদক শি জিনপিংয়ের দেওয়া গুরুত্বপূর্ণ বক্তব্যের বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি) ও বিএনপির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এর মাধ্যমে দুই দলের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতায় নতুন গতি সৃষ্টি হয়েছে।

রাষ্ট্রদূত আরও বলেন, দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে এবং রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বিনিময় ও বিভিন্ন ক্ষেত্রে বাস্তবভিত্তিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের সব বন্ধুত্বপূর্ণ রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীনা কমিউনিস্ট পার্টি। এতে দুই দেশের জনগণ আরও বেশি উপকৃত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সিম্পোজিয়ামে অংশগ্রহণকারীরা চীনা কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান। একই সঙ্গে নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের চীন-বাংলাদেশ অংশীদারত্ব আরও শক্তিশালী করতে দুই দেশ একযোগে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও পড়ুন