পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক, জ্বালানি সহযোগিতায় গুরুত্ব
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, কৃষি, মৎস্য, জাহাজ নির্মাণ এবং জনশক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ ও আলজেরিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে এ খাতে আলজেরিয়ার সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানান। তিনি বলেন, দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ ছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা, ওষুধশিল্পে সহযোগিতা, কৃষি, মৎস্য ও জলজ সম্পদ ব্যবস্থাপনা, জাহাজ নির্মাণ শিল্প এবং জনশক্তি খাতে সম্পর্ক জোরদারের বিভিন্ন সুযোগ নিয়ে আলোচনা হয়।
বৈঠকে দক্ষ ও অর্ধদক্ষ জনশক্তি নিয়োগে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে যৌথ পরামর্শ কমিশন (জয়েন্ট কনসালটেটিভ কমিশন) প্রতিষ্ঠার চলমান প্রক্রিয়াকে স্বাগত জানান তিনি।
শামা ওবায়েদ ইসলাম দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করতে উচ্চপর্যায়ের সফর বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি বাংলাদেশ ও আলজেরিয়ার বিদ্যমান সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জ্বালানি, কৃষি, ওষুধশিল্প ও জাহাজ নির্মাণসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণে আলজেরিয়ার আগ্রহের কথা জানান। পাশাপাশি দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।