EN ☀️
×

Follow Us

কূটনীতি

জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বৃহৎ পরিসরে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রদূতের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:১৬ পিএম

জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বৃহৎ পরিসরে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রদূতের
অ অ

জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে এক বিজনেস সেমিনারে জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত মো. দাউদ আলী। 

বৃহস্পতিবার (১৮ জুন) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে জেট্রো ও বাংলাদেশ দূতাবাস।

সেমিনারের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। তিনি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন। 

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি। বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাই-টেক পার্কের মাধ্যমে এখানে বিদেশি বিনিয়োগের চমৎকার পরিবেশ তৈরি হয়েছে। কর অবকাশ, শুল্ক ছাড় ও শতভাগ পুঁজি প্রত্যাহারের সুবিধা রয়েছে। জাপানের প্রযুক্তি ও বাংলাদেশের দক্ষ যুবশক্তিকে কাজে লাগিয়ে দুই দেশই লাভবান হতে পারে।

অনুষ্ঠানে বাংলাদেশের ব্যবসার সুযোগ ও সম্ভাবনা নিয়ে দুটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এগুলো তুলে ধরেন দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর মুহাম্মদ সফিউল আজম ও কমার্শিয়াল কাউন্সেলর মোরারজী দেশাই বর্মন। উপস্থাপনায় বাংলাদেশের বিনিয়োগ নীতি, তৈরি পোশাক, চামড়া, পাটজাত পণ্য, ফার্মাসিটিক্যালস ও প্লাস্টিক শিল্পের সম্ভাবনার কথা বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

সেমিনারে বাংলাদেশে ব্যবসার বাস্তব অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) প্রেসিডেন্ট তারেক রফি ভূঁইয়া জুন। এছাড়া জাপানি প্রযুক্তি খাতে বাংলাদেশের দক্ষ জনশক্তির সম্ভাবনার কথা জানান সান কোং লিমিটেডের প্রেসিডেন্ট ও সিইও শুম্পেই নাকাসোনে।

অনুষ্ঠানের শেষ অংশে ছিল উন্মুক্ত আলোচনা। এতে জাপানি ব্যবসায়ী ও উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে গভীর আগ্রহ দেখান। এই আয়োজন দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়। সেমিনারে জাপানি ব্যবসায়ী, বিনিয়োগকারী ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন