জাপানে দক্ষ জনশক্তি রপ্তানিতে সহযোগিতা চাইলেন স্পিকার হাফিজ উদ্দিন
জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতে বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৫:৫১ পিএম
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত রাইদা শিনচি আজ বুধবার সংসদ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতে স্পিকার বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি জাপানে রপ্তানিতে সহযোগিতার আহ্বান জানান। দীর্ঘদিনের বন্ধুপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন খাতে জাপানের বিনিয়োগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে জাপানের শর্তহীন বিনিয়োগের জন্যও জাপান সরকারের প্রতি ধন্যবাদ জানান স্পিকার।
স্পিকার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন যে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া প্রথম দিকের শিল্পোন্নত দেশগুলোর মধ্যে জাপান অন্যতম।
জাপানের রাষ্ট্রদূত রাইদা শিনচি বলেন, বাংলাদেশ-জাপান সম্পর্কের ভিত্তি হলো দুই দেশের জনগণের মধ্যে আন্তরিকতা ও সহমর্মিতার বন্ধন। তিনি জানান, জাপান সরকার বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে।
রাষ্ট্রদূত আরও জানান, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জাতিসংঘ ও জাপানসহ আন্তর্জাতিক পর্যবেক্ষক দল সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়েছে বলে প্রতিবেদন দিয়েছে। নির্বাচন-পরবর্তী স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারা ফিরে আসায় বাংলাদেশে জাপানের চলমান উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি পেয়েছে বলেও তিনি স্পিকারকে জানান। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় রাষ্ট্রদূত তাকে অভিনন্দন জানান।
সাক্ষাতে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এবং জাপান দূতাবাসের দ্বিতীয় সচিব নিশি ইউকি।
