বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনার প্রশংসায় ইউরোপীয় ইউনিয়ন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৬:০৭ পিএম
দুর্যোগ-পূর্ব প্রস্তুতি, দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রম এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটি বাংলাদেশকে দুর্যোগ ব্যবস্থাপনায় একটি ‘রোল মডেল’ হিসেবে অভিহিত করেছে।
সোমবার (১৫ জুন) সকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এ মন্তব্য করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বলেন, ভূমিকম্প মোকাবিলায় উদ্ধার কার্যক্রম, আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) এবং রেসকিউ সেন্টার প্রতিষ্ঠাসহ দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে আরও সহযোগিতা দিতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন।
তিনি আশা প্রকাশ করে বলেন, নির্বাচিত সরকারের সময়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর ও নিবিড় হবে।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা জানান।
একই সঙ্গে তিনি বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের আরও সক্রিয় সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন এবং মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।