EN ☀️
×

Follow Us

কূটনীতি

বাংলাদেশ-তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন মাইলফলক

সাংস্কৃতিক সম্পদ সুরক্ষায় স্বাক্ষরিত হলো গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৫:৪৮ পিএম

বাংলাদেশ-তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন মাইলফলক
অ অ

সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণ ও ঐতিহ্য রক্ষায় সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ চুক্তির মাধ্যমে দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং সাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

শুক্রবার (৫ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের প্রিমিয়াম লাউঞ্জে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং তুরস্কের পক্ষে হাকান ফিদান নিজ নিজ সরকারের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এছাড়া দুই দেশের সংস্কৃতি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তুরস্কের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অনুষ্ঠানে অংশ নেন।

সমঝোতা স্মারকের আওতায় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, প্রত্নসম্পদ রক্ষা, জাদুঘর ব্যবস্থাপনা, মহাফেজখানার নথি ও গ্রন্থাগার সামগ্রী সংরক্ষণ, ডিজিটাইজেশন এবং সাংস্কৃতিক সম্পদের পুনরুদ্ধার কার্যক্রমে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে তোলা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৮১ সালের সাংস্কৃতিক চুক্তি এবং ২০১২ সালের শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, শিল্প, প্রেস ও তথ্য, যুব ও ক্রীড়া বিষয়ক সহযোগিতা কর্মসূচির ধারাবাহিকতায় নতুন এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির আওতায় বাংলাদেশ ও তুরস্ক UNESCO-এর ১৯৭০ সালের কনভেনশনের আলোকে সাংস্কৃতিক সম্পদের অবৈধ আমদানি, রপ্তানি ও মালিকানা হস্তান্তর প্রতিরোধে যৌথভাবে কাজ করবে। পাশাপাশি প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান, আধুনিক প্রযুক্তির ব্যবহার, দুর্যোগঝুঁকি হ্রাস এবং সাংস্কৃতিক সম্পদের তালিকাভুক্তি ও নথিবদ্ধকরণে সহযোগিতা আরও বাড়ানো হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সমঝোতা স্মারক দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ককে আরও গভীর করবে এবং ঐতিহ্য সংরক্ষণ, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

আরও পড়ুন