EN ☀️
×

Follow Us

কূটনীতি

ঢাকায় রাশিয়ান হাউসে বিজয় দিবস উপলক্ষ্যে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৯:১১ পিএম

ঢাকায় রাশিয়ান হাউসে বিজয় দিবস উপলক্ষ্যে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন
অ অ

রাশিয়ান হাউস ইন বাংলাদেশে ৮১তম রাশিয়ান বিজয় দিবস উপলক্ষ্যে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ফ্রেমস অব মেমোরি: ফ্রম মস্কো টু বাংলাদেশের উদ্বোধন করেছে।

বৃহস্পতিবার (১৪ মে) উদ্বোধনী অনুষ্ঠানে রুশ ভাষার শিক্ষার্থী, বৃত্তিপ্রত্যাশী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। ইতিহাস সংরক্ষণ এবং চলচ্চিত্রের মাধ্যমে সাংস্কৃতিক সংলাপ জোরদার করাই এ উৎসবের মূল লক্ষ্য।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন আলেকজান্দ্রা খ্লেভনই। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত লাখো মানুষের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে যুদ্ধের ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিক তুলে ধরেন। তিনি বলেন, ইতিহাস ও মানবিক মূল্যবোধ ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে চলচ্চিত্র একটি শক্তিশালী মাধ্যম।

এরপর দর্শকদের জন্য প্রদর্শিত হয় সোভিয়েত চলচ্চিত্র Ballad of a Soldier-এর ওপর একটি মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এবং পরবর্তীতে চলচ্চিত্রটির পূর্ণ প্রদর্শনী। যুদ্ধের বিভীষিকার মধ্যেও মানবিক সাহস, ত্যাগ ও অনুভূতির শক্তিকে কেন্দ্র করে নির্মিত এ চলচ্চিত্রটি দর্শকদের আবেগাপ্লুত করে তোলে।

আয়োজকরা জানান, আগামী ২১ মে পর্যন্ত চলমান এ উৎসবে সোভিয়েত ও যুদ্ধ-পরবর্তী সময়ের নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শিত হবে, যেখানে ইতিহাস ও শিল্পের সমন্বিত উপস্থাপনা দর্শকদের সামনে তুলে ধরা হবে।

তারা আশা প্রকাশ করেন, এই উৎসব বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে বিশ্ব চলচ্চিত্র ও যৌথ ঐতিহাসিক স্মৃতির প্রতি আগ্রহ ও বোঝাপড়া আরও গভীর করবে।

আরও পড়ুন