সিলেক্টইউএসএ সামিটে বাংলাদেশের অংশগ্রহণ, নেতৃত্বে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৩:৫১ পিএম
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ২০২৬ সালের সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে ২৫ সদস্যের বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
সোমবার (৪ মে) যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাই এ তথ্য জানিয়েছেন।
৩ থেকে ৬ মে অনুষ্ঠিত এ সম্মেলনে বাংলাদেশের জ্বালানি, প্রযুক্তি, কৃষিব্যবসা, প্রকৌশল ও ব্যবসা সেবা খাতের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের বাজারে বিনিয়োগ সম্প্রসারণ, নতুন অংশীদারত্ব গড়ে তোলা এবং বাণিজ্যিক সম্ভাবনা অনুসন্ধানই এই অংশগ্রহণের প্রধান লক্ষ্য।
যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব কমার্স হাওয়ার্ড লাটনিকের উদ্যোগে আয়োজিত সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিট প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে অন্যতম শীর্ষ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়। এ আয়োজনের মাধ্যমে বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও অর্থনৈতিক উন্নয়ন সংস্থার সংযোগ স্থাপিত হয়, যা নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি করে।
এ বছরের সম্মেলনটি বিশেষ তাৎপর্য বহন করছে, কারণ যুক্তরাষ্ট্র এবার তার ২৫০তম জন্মবার্ষিকী উদ্যাপন করছে। আয়োজকরা বলছেন, বৈদেশিক বিনিয়োগ যুক্তরাষ্ট্রের উদ্ভাবন, শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পরবর্তী অধ্যায় নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সিলেক্টইউএসএ সামিটে বাংলাদেশের অংশগ্রহণ দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও জোরদার করবে। একই সঙ্গে বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে।