পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বাংলাদেশ-কানাডার যৌথ উদ্যোগের সুযোগ রয়েছে: পার্বত্যমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০১:০৩ এএম
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং ইকো-ট্যুরিজমের প্রসারে বাংলাদেশ ও কানাডার যৌথভাবে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।
মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সমতার ভিত্তিতে বসবাস করছে। সরকার এই অঞ্চলের দুর্গম এলাকাগুলোতে নাগরিক সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
পার্বত্য অঞ্চলের উন্নয়নে কানাডার দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করে তিনি বলেন, কানাডা বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ভবিষ্যতে এ সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কানাডার হাইকমিশনার অজিত সিং বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং পার্বত্য অঞ্চলের উন্নয়নে কানাডার অব্যাহত সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, যুগ্ম সচিব মোহাম্মদ মমিনুর রহমান, যুগ্ম সচিব কাজী তোফায়েল হোসেন এবং কানাডিয়ান হাইকমিশনের রাজনৈতিক কাউন্সেলর মার্কাস ডেভিস, ফার্স্ট সেক্রেটারি (ডেভেলপমেন্ট) জোসেফ ম্যাকিনটোশ ও ডেভেলপমেন্ট অ্যাডভাইজার ফারজানা সুলতানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।