বাংলাদেশ-ইথিওপিয়ার সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:০৮ এএম
বাংলাদেশ ও ইথিওপিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইথিওপিয়ার রাজধানীতে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইথিওপিয়ার ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিকের প্রেসিডেন্ট তায়ে আত্সকে সেলাসির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, কৃষি এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতে ইথিওপিয়ার প্রেসিডেন্ট সাম্প্রতিক জাতীয় নির্বাচনে বিজয়ের জন্য বাংলাদেশের সরকার ও জনগণকে অভিনন্দন জানান এবং প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে, বিশেষ করে আফ্রিকায় বাংলাদেশের অবদানের প্রশংসা করেন।
পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তৈরি পোশাক, ওষুধশিল্প ও পাটপণ্য খাতে সহযোগিতার সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি ঢাকায় ইথিওপিয়ার দূতাবাস স্থাপনের জন্যও অনুরোধ জানান।
জবাবে ইথিওপিয়ার প্রেসিডেন্ট তৈরি পোশাক ও ওষুধশিল্পসহ বিভিন্ন খাতে বাংলাদেশি বিনিয়োগকে স্বাগত জানান। তিনি দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
বৈঠকে জাতিসংঘ, নিরপেক্ষ জোট (NAM), জি-৭৭ এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতাসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করা হয়। একই সঙ্গে বহুপাক্ষিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ।
পররাষ্ট্রমন্ত্রী সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য ইথিওপিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান।