আইবিসিসিআই প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়
আঞ্চলিক অর্থনীতিতে নেতৃত্ব দিতে পারে বাংলাদেশ ও ভারত: প্রণয় ভার্মা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পিএম
ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) নবনিযুক্ত পরিচালকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। গত ১৬ এপ্রিল এই মতবিনিময় হয় বলে জানায় দূতাবাস। তখন আইবিসিসিআইয়ের প্রতিনিধিদলকে স্বাগত জানান হাই কমিশনার।
আইবিসিসিআই ৫০০টির বেশি প্রতিষ্ঠানের একটি প্ল্যাটফর্ম, যা বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা জোরদারে কাজ করে।
সভায় হাই কমিশনার দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আইবিসিসিআইয়ের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ভৌগোলিক নৈকট্যকে বাস্তব অর্থনৈতিক সুযোগে রূপ দিতে হবে। একই সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে আরও বিস্তৃত করে বিনিয়োগ, ভ্যালু চেইন ইন্টিগ্রেশন এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারিত্বে রূপ দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রণয় ভার্মা আরও বলেন, দক্ষিণ এশিয়ার দুটি বড় অর্থনীতি হিসেবে বাংলাদেশ ও ভারত আঞ্চলিক অর্থনৈতিক একীকরণে নেতৃত্ব দিতে পারে। পাশাপাশি স্থিতিশীল ও ভবিষ্যৎ-উপযোগী সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার ক্ষেত্রেও দুই দেশের সম্ভাবনা রয়েছে।
মতবিনিময় সভায় দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পৃক্ততার সাম্প্রতিক অগ্রগতি নিয়েও আলোচনা হয়। এর মধ্যে ভারতীয় রুপিতে বাণিজ্য নিষ্পত্তির নতুন প্রক্রিয়া এবং আন্তঃসীমান্ত বাণিজ্য সহজ করতে স্থলবন্দরগুলোর অবকাঠামো উন্নয়ন উল্লেখযোগ্য।
সভা শেষে দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে এবং নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি করতে যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।