পহেলা বৈশাখ উদযাপন করল ভারতীয় হাই কমিশন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৪:০১ পিএম
পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন ১৭ ও ১৮ এপ্রিল আইজিসিসি প্রাঙ্গণে ‘বাঁধন আছে প্রাণে প্রাণে: অফ হারমনি উইদিন’ শীর্ষক দুই দিনব্যাপী সংগীত সন্ধ্যার আয়োজন করে।
অনুষ্ঠানে বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত শিল্পী অদিতি মহসিন এবং ভারতের শিল্পী শ্রীকান্ত আচার্য সংগীত পরিবেশন করেন। তাদের পরিবেশনায় দুই দেশের সংগীত ও সংস্কৃতির অভিন্ন ঐতিহ্য ফুটে ওঠে।

ঐতিহ্য ও সৃজনশীলতাকে এগিয়ে নিতে এই আয়োজনটি এইচএসবিসি বাংলাদেশ-এর সঙ্গে যৌথভাবে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্যে হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন, ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধন দুই দেশের জাতীয় সীমানার চেয়েও প্রাচীন ও গভীর। একই মঞ্চে দুই দেশের শিল্পীদের উপস্থিতি পারস্পরিক আস্থা ও সাংস্কৃতিক মেলবন্ধনের প্রতীক বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সরকার, ব্যবসা, গণমাধ্যম, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

