সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রতিনিধি দলের সাক্ষাৎ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পিএম
ছবি সংগৃহীত
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম-ডব্লিউএফপি) একটি উচ্চপর্যায়ের পাঁচ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ হয়।
সাক্ষাৎকালে ডা. এজেডএম জাহিদ হোসেন বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নারী ও শিশু উন্নয়ন, দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি উন্নয়নে চলমান বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। সে লক্ষ্যে আমরা অগ্রাধিকার ভিত্তিতে অবহেলিত এলাকার মানুষের জীবন মান উন্নয়নে প্রান্তিক পর্যায়ে পর্যন্ত কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায় অর্জনের বিষয়টি সরকারের অন্যতম অঙ্গীকার। এরই অংশ হিসেবে সরকার গঠনের ২১দিনের মাথায় প্রতিটি পরিবারের নারী প্রধানদের নামে পাইলটিং পর্যায়ে ৩৭ হাজার ৮১৪টি ফ্যামিলি কার্ড প্রদানের যুগান্তকারী কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এই কর্মসূচি ইউনিভার্সালি হিসাবে জাতীয় পরিচয়পত্র ভিত্তিতে ফাইন্ডআউট করে তাদের ডাটাবেইজ করা হচ্ছে। বর্তমান সরকারের অঙ্গীকার অনুযায়ী পর্যায়ক্রমে সারাদেশে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে।
ডব্লিউএফপি’র সঙ্গে বাংলাদেশ সরকারের দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করে মন্ত্রী বলেন, দেশের দুর্গত ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য খাদ্য সহায়তা, পুষ্টি কর্মসূচি এবং জরুরি ত্রাণ কার্যক্রমে ডব্লিউএফপি’র ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, বর্তমান সরকার নারী ও শিশুদের ক্ষমতায়ন, সমাজের অনগ্রসর ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণকে অগ্রাধিকার দিয়েছে। আশা করা যাচ্ছে, ডব্লিউএফপি’র সঙ্গে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে দেশের সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোকে আরও কার্যকর ও বিস্তৃত করা সম্ভব হবে।
ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রতিনিধি দলের কান্ট্রি ডিরেক্টর সিমোন পার্চমেন্ট মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা ও নারী ও শিশু কল্যাণে গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। তারা দেশের খাদ্য নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আরও সমন্বিতভাবে কাজ করার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. ফিরোজ উদ্দিন খলিফা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।