শিল্পমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০২:২২ পিএম
ছবি: সংগৃহীত
শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) শিল্প মন্ত্রণালয়ের অফিসকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিল্পখাতে সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ককে আরও গতিশীল করতে শিল্পখাতে যৌথ উদ্যোগ গ্রহণের যথেষ্ট সুযোগ রয়েছে। বিশেষ করে চিনি, টেক্সটাইল, ঔষধশিল্প ও চামড়া খাতে সহযোগিতা বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।
পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশের শিল্পখাতের অগ্রগতি এবং বিনিয়োগবান্ধব পরিবেশের প্রশংসা করেন। একই সঙ্গে পাকিস্তানি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করার আগ্রহ প্রকাশ করেন তিনি। পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও অংশীদারিত্ব বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন।
বৈঠকে উভয় পক্ষই শিল্পখাতে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং বাণিজ্য সম্প্রসারণে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এসময় শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ মন্ত্রণালয় ও হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
