EN ☀️
×

Follow Us

কূটনীতি

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে কুয়েতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পিএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে কুয়েতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী (এমপি) শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী থানায়ুন আব্দুলওয়াহাব হামাদাহ।

অ অ

বাংলাদেশ ও কুয়েতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বারোপ করা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে কুয়েতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতে এসব বিষয় উঠে আসে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী (এমপি) শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী থানায়ুন আব্দুলওয়াহাব হামাদাহ।

বৈঠকে বাংলাদেশ ও কুয়েতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করা হয়। রাষ্ট্রদূত দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে টেলিফোনে আলোচনার উদ্যোগ গ্রহণ এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে কুয়েতের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশের জন্য কুয়েত সরকারের কৃতজ্ঞতা জানান।

জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাংলাদেশের অ-হস্তক্ষেপ নীতি এবং বিরোধ নিষ্পত্তিতে শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানের অবস্থান তুলে ধরেন। একই সঙ্গে কুয়েতে অবস্থানরত প্রায় তিন লাখ বাংলাদেশি প্রবাসীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করায় কুয়েত সরকারকে ধন্যবাদ জানান তিনি।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জ্বালানি, অবকাঠামো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং হালাল খাদ্য খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন এবং কুয়েতি বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে বিনিয়োগের আহ্বান জানান।

রাষ্ট্রদূত হামাদাহ জাতিসংঘ (ইউএন) ও ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)সহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে কুয়েতের প্রতি বাংলাদেশের সমর্থনের প্রশংসা করেন। এ সময় রোহিঙ্গা সংকটে মানবিক সহায়তা অব্যাহত রাখায় কুয়েতের প্রতি কৃতজ্ঞতা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী প্রয়োজনে কুয়েতকে মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশের প্রস্তুতির কথাও উল্লেখ করেন। পাশাপাশি, পারস্পরিক সহযোগিতা জোরদারে উচ্চপর্যায়ের সফর এবং বিদ্যমান দ্বিপাক্ষিক প্ল্যাটফর্মগুলোর নিয়মিত বৈঠক আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে কুয়েতের রাষ্ট্রদূত বাংলাদেশ এবং কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং বাংলাদেশ–কুয়েত ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন