নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৫:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তারা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেছেন।
শুক্রবার (২০ মার্চ) সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের মধ্যে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে জয়শঙ্কর সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও এগিয়ে নেওয়াই আলোচনার মূল বিষয় ছিল। অন্যদিকে রিয়াজ হামিদুল্লাহ বলেন, অভিন্ন স্বার্থ ও পারস্পরিক লাভের ভিত্তিতে ভারতের সঙ্গে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে—এ বার্তাই তিনি তুলে ধরেছেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, একই দিনে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল-এর সঙ্গেও হাইকমিশনারের বৈঠক হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত বছরের মে মাস থেকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন রিয়াজ হামিদুল্লাহ। দায়িত্ব নেওয়ার পর এটি ভারতের মন্ত্রী পর্যায়ে তাঁর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। এর আগে তিনি ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠক করেছিলেন।
এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগামী মাসে ভারতের পথে সংক্ষিপ্ত সফর করতে পারেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি মরিশাসে অনুষ্ঠেয় আইওরা সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে দিল্লিতে অবস্থান করতে পারেন।