EN ☀️
×

Follow Us

কূটনীতি

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনওডিসি প্রধানের বৈঠক, পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে সহযোগিতার আশ্বাস

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১০:০৬ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনওডিসি প্রধানের বৈঠক, পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে সহযোগিতার আশ্বাস

ছবি: সংগৃহীত

অ অ

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত ‘গ্লোবাল ফ্রড সামিট’-এর সাইডলাইনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থা ইউএনওডিসি-এর নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনো। বৈঠকে পুলিশ সংস্কার, মাদক নিয়ন্ত্রণ, মানব পাচার প্রতিরোধ এবং সাইবার অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

সোমবার স্থানীয় সময় বিকেলে ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারের এম-বিল্ডিংয়ের একটি কনফারেন্স কক্ষে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণ, মানব পাচার প্রতিরোধ, মানি লন্ডারিং ও সাইবার অপরাধ মোকাবিলায় দীর্ঘদিন ধরে কারিগরি ও কৌশলগত সহায়তা দেওয়ার জন্য ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমকে ধন্যবাদ জানান। তিনি বলেন, অপরাধের বৈশ্বিক পরিবর্তনশীল প্রেক্ষাপটে ইউএনওডিসি বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত অংশীদার।

মন্ত্রী বলেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে ইউএনওডিসির বিশেষ ভূমিকা ছিল। নির্বাচনের সময় সারা দেশের ৮৯ জন পুলিশ সুপার এবং ৫৭৪ জন অফিসার-ইন-চার্জকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া এবং নির্বাচনী আইন সংবলিত হ্যান্ডবুক প্রণয়নে সংস্থাটির সহায়তা কার্যকর প্রভাব ফেলেছে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের গৃহীত ব্যাপকভিত্তিক পুলিশ সংস্কার কর্মসূচির বিষয়েও আলোকপাত করেন। তিনি বলেন, একটি আধুনিক, পেশাদার ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে আন্তর্জাতিক মানের সংস্কার কার্যক্রম বাস্তবায়নে ইউএনওডিসির কারিগরি সহায়তা ও নীতি-পরামর্শ প্রয়োজন।

এ সময় জন ব্র্যান্ডোলিনো বাংলাদেশের নিরাপত্তা খাতের আধুনিকায়ন এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে সরকারের দৃঢ় অবস্থানের প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে এ বিষয়ে সহযোগিতা আরও জোরদারের আশ্বাস দেন।

বৈঠকে ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন