নিউইয়র্ক কনস্যুলেটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৮ পিএম
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পেশাজীবী, সাংবাদিক এবং নতুন প্রজন্মের বিপুলসংখ্যক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ৫২’র ভাষা শহীদ, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করে শোনানো হয়।
কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক তার স্বাগত বক্তব্যে ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, “৫২’র ভাষা আন্দোলনের মধ্য দিয়েই স্বাধীন বাংলাদেশের ভিত্তি প্রোথিত হয়েছিল, যা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পূর্ণতা পায়।”
তিনি আরও বলেন, “২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল চেতনা হলো পৃথিবীর সকল ভাষা ও সংস্কৃতির স্বকীয়তা রক্ষার অধিকার প্রতিষ্ঠা করা। যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতি তুলে ধরতে যে ভূমিকা রাখছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।”
দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে কনসাল জেনারেল বলেন, ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে নতুন সরকার গঠিত হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের ভাষাগত অধিকার সমুন্নত রাখবে এবং সকল ভাষার মর্যাদা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত বীর মুক্তিযোদ্ধা এবং কমিউনিটি নেতৃবৃন্দ উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে দিবসটির তাৎপর্য ও নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। আলোচনা শেষে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।