অটোয়ায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪০ পিএম
যথাযথ মর্যাদা, ভাবগাম্ভীর্য ও বিনম্র শ্রদ্ধায় কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ১৯৫২ সালে মাতৃভাষার অধিকার রক্ষায় ছাত্রদের সেই মহান আত্মত্যাগের চেতনাকে স্মরণ করে দিনটি পালন করে অটোয়াস্থ বাংলাদেশ দূতাবাস।
গতকাল শনিবার সকালে বাংলাদেশ হাউজে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. জসীম উদ্দিন। এ সময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দিবসটি উপলক্ষ্যে হাইকমিশন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে হাইকমিশনার ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন।
হাইকমিশনার তার বক্তব্যে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ ভাষা আন্দোলনের সকল শহীদ এবং ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধ ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‘রাষ্ট্রভাষা হিসেবে বাংলার অধিকার রক্ষা কেবল একটি সাংস্কৃতিক দাবি ছিল না, বরং এটি ছিল একটি রাজনৈতিক জাগরণের সূচনা, যা শেষ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা অর্জনে পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে।’
ইউনেস্কো কর্তৃক দিনটির আন্তর্জাতিক স্বীকৃতিকে তিনি মৌলিক মানবাধিকারের জয় হিসেবে অভিহিত করেন।
হাইকমিশনার প্রবাসী বাংলাদেশিদের জাতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে বলেন, প্রবাসীরা বিদেশের মাটিতে দেশীয় ঐতিহ্য লালন এবং ভবিষ্যৎ প্রজন্মের সাথে শিকড়ের সেতুবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং কানাডায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।