EN ☀️
×

Follow Us

কূটনীতি

উজবেকিস্তানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৯ পিএম

উজবেকিস্তানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
অ অ

যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে উজবেকিস্তানের তাসখন্দে বাংলাদেশ দূতাবাসে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা করেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম।

এরপর ভাষা শহীদদের স্মরণে দূতাবাস প্রাঙ্গণে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলামের নেতৃত্বে প্রবাসী বাংলাদেশি এবং উজবেকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করে শোনানো হয়।

অনুষ্ঠানে ৫২’র ভাষা শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আলোচনা সভায় রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম মহান ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, ইউনেস্কো কর্তৃক ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি প্রদান বিশ্বের সব মাতৃভাষা সংরক্ষণের পথ সুগম করেছে। এটি বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতিকে আরও শক্তিশালী করবে।

বিশ্ব শান্তি ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে ভাষাগত বৈচিত্র্য রক্ষা ও প্রসারের ওপর গুরুত্বারোপ করে তিনি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস ও তাসখন্দ ডিপ্লোম্যাট ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে সম্প্রতি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মিশর, তুর্কমেনিস্তান ও ফিলিস্তিনের রাষ্ট্রদূতসহ শতাধিক কূটনীতিক, বিশ্ববিদ্যালয়ের রেক্টর, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

আরও পড়ুন