EN ☀️
×

Follow Us

কূটনীতি

রিয়াদে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪২ পিএম

রিয়াদে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
অ অ

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

সকালে দূতাবাস চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন। এরপর তিনি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। দূতাবাসের পাশাপাশি রিয়াদে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে দূতাবাসের অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।

আলোচনা সভায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য দেন হামিদুল হক শামীম, মো. তাজুল ইসলাম গাজী এবং ডা. এ কে এম গোলাম হাসনাইন সোহান। বক্তারা প্রবাসে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতির চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন বলেন, ভাষা আন্দোলনের মধ্য দিয়েই আমাদের জাতীয়তাবোধের উন্মেষ ঘটেছিল, যা পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে মূল শক্তি হিসেবে কাজ করেছে। ইতিহাস প্রমাণ করে, এ দেশের মানুষ যখনই কোনো ন্যায়সংগত দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে, তখনই সাফল্য এসেছে।

রাষ্ট্রদূত তার বক্তব্যে সৌদি আরবের শ্রমবাজারে বাংলাদেশিদের অবস্থানের কথা তুলে ধরে বলেন, সৌদি আরবের মানুষের সঙ্গে কাজ করতে করতে বাংলাদেশিরা তাদের আস্থার জায়গায় পৌঁছে গেছেন। 

তিনি প্রবাসীদের দক্ষ ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, বিদেশের মাটিতে ‘বাংলাদেশ’ নামটিকে একটি দক্ষ ও বিশ্বাসযোগ্য জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলে আমাদের ভাষা ও সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুন