আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে সুইস রাষ্ট্রদূতের শ্রদ্ধা
সুইজারল্যান্ডের উদাহরণ টেনে রাষ্ট্রদূত রেতো রেংগলি বলেন, ‘চারটি দাপ্তরিক ভাষার দেশ থেকে এসে আমরা জানি, ভাষা কীভাবে আমাদের পরিচয়কে গঠন করে এবং আমাদের ভেতরের বৈচিত্র্যকে প্রতিফলিত করে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৪ পিএম
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রদূত ভাষা আন্দোলনের তাৎপর্য এবং বহুভাষিক সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেন।
সুইজারল্যান্ডের উদাহরণ টেনে রাষ্ট্রদূত রেতো রেংগলি বলেন, ‘চারটি দাপ্তরিক ভাষার দেশ থেকে এসে আমরা জানি, ভাষা কীভাবে আমাদের পরিচয়কে গঠন করে এবং আমাদের ভেতরের বৈচিত্র্যকে প্রতিফলিত করে। আজ আমরা ভাষার প্রতি যেমন শ্রদ্ধা জানাচ্ছি, তেমনি প্রত্যেকের নিজ নিজ ভাষায় কথা বলার অধিকারকেও সুসংহত করছি।’
সুইজারল্যান্ড একটি বহুভাষিক দেশ হিসেবে পরিচিত, যেখানে জার্মান, ফরাসি, ইতালীয় ও রোমান—এই চারটি ভাষাকে দাপ্তরিক মর্যাদা দেওয়া হয়েছে। ফলে বাংলাদেশের ভাষা আন্দোলনের ইতিহাস ও নিজস্ব ভাষায় কথা বলার অধিকারের লড়াইয়ের প্রতি দেশটির বিশেষ একাত্মতা রয়েছে বলে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়।
রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক। তাই বিশ্বের প্রতিটি মানুষের নিজের মায়ের ভাষায় কথা বলার অধিকার সমুন্নত রাখা প্রয়োজন।