যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিকারকদের সঙ্গে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের বৈঠক
এ সময় তিনি আমেরিকান পণ্যের উৎকৃষ্ট মান ও নির্ভরযোগ্যতার কথা তুলে ধরেন এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৪:৫৭ পিএম
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিকারকদের সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) তিনি এ বৈঠক করেন।
এ সময় তিনি আমেরিকান পণ্যের উৎকৃষ্ট মান ও নির্ভরযোগ্যতার কথা তুলে ধরেন এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।
বৈঠকে বাণিজ্য ও পরিবহন-সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ, বিশেষ করে সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতা ও লজিস্টিকস ইস্যু নিয়ে আলোচনা হয়। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন রাষ্ট্রদূত।
এর আগে ও পরে তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের পণ্য ব্যবহার করে আসা দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বিএসআরএম স্টিল ও পাহাড়তলী টেক্সটাইল মিলস পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কারখানার উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, আমেরিকান উদ্ভাবন, আধুনিক প্রযুক্তি ও মানসম্মত পণ্য বাংলাদেশের শিল্পখাতের উৎপাদনশীলতা ও প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ ধরনের অংশীদারিত্ব ভবিষ্যতেও আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।