ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫ পিএম
মিয়ানমারের ইয়াঙ্গুনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস।
রবিবার (২১ ডিসেম্বর) কূটনৈতিক সম্প্রদায়, মিয়ানমারের বিশিষ্ট নাগরিক এবং প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উন্নয়ন ও সম্ভাবনার বাংলাদেশকে বিশ্বদরবারে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়াঙ্গুনে নিযুক্ত বিভিন্ন দেশের মিশন প্রধান, কূটনীতিক, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। আমন্ত্রিত অতিথিদের সামনে বাংলাদেশের দেশাত্মবোধক গানের ছন্দে নৃত্য পরিবেশন করেন মিয়ানমার নারী উদ্যোক্তা নেটওয়ার্কের সদস্যরা ও দূতাবাস পরিবারের শিশুরা।
অনুষ্ঠানে দেশ গঠনে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করে মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের বিজয় বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ অর্জন। এই বিজয় ২৩ বছরের রাজনৈতিক আন্দোলন ও দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের ফসল।
বক্তব্যের শুরুতে রাষ্ট্রদূত জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিত নারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন তিনি। বর্তমান সরকার প্রবাসীদের কল্যাণে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন তিনি।