EN ☀️
×

Follow Us

কূটনীতি

বেইজিংয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ এএম

বেইজিংয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
অ অ

বাংলাদেশ দূতাবাস, বেইজিং-এর আয়োজনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারবর্গ, চীনের বিভিন্ন প্রদেশ ও শহর থেকে আগত প্রবাসী বাংলাদেশিরা, চীনা অতিথি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বিপুলসংখ্যক বাংলাদেশি ও চীনা শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

দিনটি শুরু হয় চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলামের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এ সময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এরপর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল বীর শহিদ এবং জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্যকালে রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল বীর শহিদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং সম্ভ্রমহারা মা-বোনদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহত যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বিজয় দিবস জাতীয় জীবনে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। এই সংগ্রাম কেবল রাজনৈতিক স্বাধীনতার জন্যই নয়, বরং অর্থনৈতিক মুক্তি, সাংস্কৃতিক স্বকীয়তা ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার সংগ্রাম ছিল। একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ, মানবিক ও আধুনিক বাংলাদেশ গঠনে প্রবাসী বাংলাদেশিদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানের বাংলাদেশি কমিউনিটির সদস্য ও চীনা শিশু-কিশোরদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। পাশাপাশি টেবিল টেনিস, ক্যারমসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবস উপলক্ষে গত ০৬ ডিসেম্বর ২০২৫ তারিখে দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশি শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিশুরা বাংলাদেশ, বিজয় দিবস, স্বাধীনতা ও দেশের সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক চিত্র আঁকে। রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম চিত্রাঙ্কন, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন।

আরও পড়ুন