টোকিওতে বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হয়েছে।
বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এ সময় প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন।
বিকেলে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার প্রদত্ত বাণী পাঠ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রদূত মো. দাউদ আলী মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। উপস্থিত সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশিদের আগামী জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করেন। এ সময় তিনি পোস্টাল ভোট বিডি অ্যাপে রেজিস্ট্রেশন পদ্ধতি নিয়েও বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পুরো আয়োজনে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।