EN ☀️
×

Follow Us

কূটনীতি

ভিয়েতনামে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ পিএম

ভিয়েতনামে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

ছবি: সংগৃহীত

অ অ

ভিয়েতনামে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বর্ণিল ও মর্যাদাপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হয়। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র মন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হয়।

দিনের চূড়ান্ত আয়োজন অনুষ্ঠিত হয় সন্ধ্যায়, ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমানের বাসভবনে। ব্যানার, ফেস্টুন, ফুল ও রঙিন আলোকসজ্জায় সজ্জিত রাষ্ট্রদূতের বাসভবনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে ভিয়েতনামে বসবাসরত বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশি, হ্যানয়ে অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান। তিনি মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী ব্যক্তিবর্গ, অসংখ্য শহীদ, সম্ভ্রমহারা মা-বোন এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেন।

বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, স্বাধীনতা যুদ্ধে অর্জিত বিজয় বাংলাদেশের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন এবং এই চেতনার ওপর ভর করেই দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।

তিনি পোশাক শিল্পে বাংলাদেশের বৈশ্বিক নেতৃত্ব এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সর্বাধিক শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থানের কথা তুলে ধরেন। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ২০২৪ সালের গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে নতুন উদ্দীপনায় দেশ গড়ার আহ্বান জানান তিনি।

সাংস্কৃতিক পর্বে ভিয়েতনামের একদল শিশু বিজয় দিবসের গানের তালে তালে মনোমুগ্ধকর দলীয় নৃত্য পরিবেশন করে। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিরা কবিতা আবৃত্তি করেন এবং দূতাবাস আয়োজিত বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক ও খেলাধুলা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে অতিথিদের মাঝে ঐতিহ্যবাহী দেশীয় খাবার পরিবেশনের মাধ্যমে বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতালয় প্রধান নাসির উদদীন।

আরও পড়ুন