জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা: এমএসএফ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৩:০০ এএম
ছবি: সংগৃহীত
জুনের তুলনায় জুলাই মাসে দেশে নারী ও শিশু নির্যাতনের মোট ঘটনা কিছুটা কমলেও ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
শুক্রবার প্রকাশিত এমএসএফের জুলাই ২০২৬-এর নারী, শিশু, মাদক ও অনলাইন জুয়াসংক্রান্ত সহিংসতার পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জুন মাসে নারী ও শিশু নির্যাতনের মোট ৩২০টি ঘটনার বিপরীতে জুলাইয়ে এ সংখ্যা কমে ৩০৬-এ নেমেছে। তবে ধর্ষণের ঘটনা ৬৮ থেকে বেড়ে ৯০-এ এবং আত্মহত্যার ঘটনা ১৭ থেকে বেড়ে ২৮টিতে পৌঁছেছে। একই সময়ে যৌন নিপীড়ন ও হয়রানির ঘটনা ২১ থেকে বেড়ে ২২টি হয়েছে।
এমএসএফের মতে, মোট ঘটনার সংখ্যা কমলেও সহিংসতার ধরন আরও উদ্বেগজনক হয়ে উঠছে। বিশেষ করে ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা বৃদ্ধি নারী ও শিশুদের নিরাপত্তাহীনতা, সামাজিক চাপ এবং বিচারহীনতার সংস্কৃতির ইঙ্গিত দেয়।
অন্যদিকে, দলবদ্ধ ধর্ষণের ঘটনা ১৬ থেকে কমে ৭টিতে, ধর্ষণের পর হত্যার ঘটনা ৫ থেকে ৩টিতে, শারীরিক নির্যাতনের ঘটনা ৫৬ থেকে ৪২টিতে এবং হত্যাকাণ্ড ৭৬ থেকে ৫২টিতে নেমে এসেছে। অপহরণ ও নিখোঁজের ঘটনা ১২ থেকে বেড়ে ১৩টি হয়েছে। অ্যাসিড নিক্ষেপের ঘটনা জুন ও জুলাই—উভয় মাসেই একটি করে ঘটেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, জুলাই মাসে তিনটি ফৌজদারি অপরাধ স্থানীয় সালিসের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে দুটি ধর্ষণচেষ্টার এবং একটি ধর্ষণের ঘটনা ছিল।
এমএসএফ বলেছে, ধর্ষণের মতো গুরুতর অপরাধ সালিসের মাধ্যমে নিষ্পত্তি বিচারব্যবস্থার প্রতি আস্থাহীনতা এবং দায়মুক্তির সংস্কৃতিকে উৎসাহিত করে।
এদিকে, জুলাই মাসে অনলাইন জুয়াসংক্রান্ত ঘটনায় কোনো হতাহত না হলেও ১০ জনকে আটক করা হয়েছে। জুনে এ ধরনের কোনো আটকের ঘটনা ছিল না।
সংস্থাটির মতে, এটি আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতার ইঙ্গিত দিলেও অনলাইন জুয়ার বিস্তার তরুণদের মধ্যে অর্থনৈতিক শোষণ, পারিবারিক সহিংসতা, মানসিক স্বাস্থ্য সংকট ও সাইবার অপরাধের ঝুঁকি বাড়াচ্ছে।