আপনার ফোনে গোপন নজরদারি চালাচ্ছে যেসব অ্যাপ
গবেষকরা বলছেন, শুধু গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করলেই সেগুলো নিরাপদ নয়।
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম
ছবি: সংগৃহীত
বর্তমান সময়ে মোবাইল অ্যাপ ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু গবেষকরা সতর্ক করেছেন, যে কোনো অ্যাপ খতিয়ে না দেখে ইনস্টল করলে বিপদে পড়ার ঝুঁকি থাকে। এমন কিছু অ্যাপ আছে যা গোপনে ব্যবহারকারীর ফোনে নজরদারি চালায় এবং ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বা অর্থ চুরি করতে পারে।
গবেষকরা বলছেন, শুধু গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করলেই সেগুলো নিরাপদ নয়। জনপ্রিয় ডিজিটাল ওয়ালেটের নাম ও আইকন নকল করে তৈরি কিছু অ্যাপ ইতিমধ্যেই ব্যবহারকারীদের টার্গেট করছে। এখন পর্যন্ত ২০টির বেশি বিপজ্জনক অ্যাপের খোঁজ মিলেছে, যার মধ্যে ৯টি ওয়ালেট সংক্রান্ত। তালিকাভুক্ত কিছু অ্যাপ হলো:
প্যানকেক সোয়্যাপ, সুয়েত ওয়ালেট, হাইপারলিকুইড, রেইডিয়াম, বুলএক্স ক্রিপ্টো, ওপেনওসিয়ান এক্সচেঞ্জ, মিটিওরা এক্সচেঞ্জ, সুশিসোয়্যাপ, হার্ভেস্ট ফিনান্স ব্লগ।
গবেষকরা সতর্ক করেছেন, এই ধরনের অ্যাপ থেকে অর্থ বা ব্যক্তিগত তথ্য চুরি হলে ফেরত পাওয়ার সম্ভাবনা প্রায় নেই। তাই ব্যবহারকারীদের এখনই এই অ্যাপগুলো সরানোর পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া, অতীতের কিছু সাইবার হামলার উদাহরণ—যেমন ‘ডান্স অফ দ্য হিলারি’ লিংক—ও দেখিয়েছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে পাঠানো এমন লিংক সাইবার হামলার লক্ষ্য হতে পারে। যদিও ওই লিংকটির সত্যতা এখনো নিশ্চিত হয়নি, তবুও বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।
ব্যবহারকারীদের করণীয়
- অ্যাপ ইনস্টল করার আগে উৎস যাচাই করা।
- অজানা বা সন্দেহজনক অ্যাপ ডাউনলোড না করা।
- নিয়মিত ফোনে অ্যান্টি-ম্যালওয়্যার ও সিকিউরিটি আপডেট রাখা।
মোবাইল নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতা অবলম্বন করা এখন সময়ের দাবি। অনিরাপদ অ্যাপ ইনস্টল করে বিপদে পড়ার আগে খতিয়ে দেখে তারপরই ইনস্টল করুন।