EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

হেরোইন সম্রাট চাপা আরিফের ৪ সহযোগীকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পিএম

হেরোইন সম্রাট চাপা আরিফের ৪ সহযোগীকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার

হেরোইন সম্রাট চাপা আরিফের ৪ সহযোগীকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর মোহাম্মদপুর থানার পাবনা হাউজগলি এলাকা হতে মাদকদ্রব্য বিক্রির সময় কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং কথিত হেরোইন সম্রাট চাপা আরিফের ঘনিষ্ঠ ৪ সহযোগীকে পয়েন্ট ৩২ ক্যালিবারের একটি বিদেশি রিভলভার, ৬ রাউন্ড তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন এবং ৭৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে এসআরবি-২।

রবিবার (২২ নভেম্বর) ভোর রাতে এসআরবি-২ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর মোহাম্মদপুর থানার পাবনা হাউজগলি এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে।

গোয়েন্দা তথ্য অনুসরণ করে এসআরবি-২ এর একটি আভিযানিক দল ওই স্থানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ও মাদক মামলার আসামি মোহাম্মদ হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজী (৩২), মো. সাইদুর ইসলাম রাব্বী (৩০) ও মো. তানজীন খান জিসান (৩২)-কে বিদেশি রিভলভার, তাজা গুলি, হেরোইন এবং ইয়াবাসহ গ্রেপ্তার করে।

প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা যায়, গ্রেপ্তার আসামিরা এসব অস্ত্র ব্যবহার করে ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছে। এসকল আসামিরা দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে।

এসআরবি সূত্রে জানা গেছে, আটক আসামিদের পিসিপিআর যাচাই করে আসামি মোহাম্মদ হাবিবুল ইসলাম রানা (৩২) এর নামে ডিএমপির মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

আসামি মো. নাইম কাজীর (৩২) নামে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

জব্দ করা আলামত ও গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে এসআরবি-২ এর এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

আরও পড়ুন