গোপালগঞ্জে হাসপাতালে আওয়ামী লীগের হামলা, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১০:০১ এএম
গোপালগঞ্জে রামদা ও কুড়াল হাতে মহড়া দিয়ে একটি হাসপাতালে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। যা দেশীয় আইনের পাশাপাশি আন্তর্জাতিক মানবিক আইনের আলোকেও গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র (রামদা ও কুড়াল) হাতে মহড়া দিয়ে গোপালগঞ্জ-২ আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য ডা. কেএম বাবরের ‘আরাফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
হামলাকারীরা হাসপাতালের জানালার কাচ ভেঙে, ভেতরের আসবাবপত্র ও সরঞ্জাম বাইরে এনে আগুন ধরিয়ে দেয়। বিভিন্ন কক্ষ ভাঙচুর করে। ভবনে ক্লিনিক ও বাসভবন থাকায় গর্ভবতী নারী, সিজারিয়ান মা, নবজাতক এবং অন্যান্য রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা দ্রুত নিরাপদ স্থানে সরে যান।
চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে এমন হামলার ঘটনায় আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন দাবি করে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো: সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বলেছেন, আওয়ামীলীগের সন্ত্রাসী কার্যক্রম কোথায় গিয়ে ঠেকেছে! গাজার মতো যুদ্ধাঙ্গনে হাসপাতালে হামলা করতে দেখেছি, আওয়ামীলীগ কি সেই দিকে যেতে চাইছে!? তবে এটাকে কিন্তু যুদ্ধাপরাধ হিসেবে ধরা হয়। সুতরাং তারা সে অপরাধ করে ফেলেছে অলরেডি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তিনি এ মন্তব্য করেন।
আন্তর্জাতিক আইন অনুযায়ী, সশস্ত্র সংঘাতের সময় হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের ওপর ইচ্ছাকৃত হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনে হাসপাতাল, চিকিৎসাকর্মী, রোগী ও আহত ব্যক্তিদের বিশেষ সুরক্ষার কথা বলা হয়েছে। ১৯৭৭ সালের অতিরিক্ত প্রটোকলেও চিকিৎসাপ্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে।
এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিষ্ঠাকালীন দলিল রোম সংবিধির ৮ অনুচ্ছেদে নির্দিষ্ট শর্তে হাসপাতাল ও চিকিৎসাপ্রতিষ্ঠানের ওপর ইচ্ছাকৃত হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত গুরুতর। এতে রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা মারাত্মকভাবে বিপন্ন হতে পারে বলে জনমনে আশংকা তৈরি হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে নিরপেক্ষ তদন্ত এবং প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।